বেনজীরকে দেশে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
দুবাইয়ে আটক পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ-কে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সংযুক্ত আরব আমিরাতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, বেনজীরের বিরুদ্ধে থাকা মামলাগুলোর ১৪৪ পৃষ্ঠার নথি দুবাইয়ে পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে বর্তমানে ৬টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে একটি মামলার সাক্ষ্যগ্রহণ চলছে, আর বাকি মামলাগুলো তদন্তাধীন।
তিনি আরও জানান, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকলেও মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স (এমএলএ) প্রক্রিয়ার মাধ্যমে সহযোগিতা চাওয়া হয়েছে।
এদিকে, আদালতের নির্দেশে দেশে বেনজীরের বিপুল পরিমাণ সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শত শত বিঘা জমি, বিলাসবহুল ফ্ল্যাট এবং বিভিন্ন ব্যবসায়িক সম্পদ। বিদেশেও তার সম্পদ ও বিনিয়োগ নিয়ে তদন্ত চলছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ইন্টারপোলের রেড নোটিশ জারির পর গত ১২ জুন দুবাইয়ে আটক হন বেনজীর আহমেদ। এখন তার প্রত্যর্পণ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।