বন্ধ কারখানায় বিনিয়োগ বাড়াতে সরকারের বিশেষ উদ্যোগ
দেশের বন্ধ ও লোকসানি কারখানাগুলোতে নতুন করে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।
এ লক্ষ্যে শনিবার (২০ জুন) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে একটি বিশেষ রোড শো আয়োজন করা হয়। শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বন্ধ শিল্পকারখানাগুলোকে নতুন বিনিয়োগের মাধ্যমে চালু করা হলে দেশের উৎপাদন খাত শক্তিশালী হবে এবং কর্মসংস্থান বাড়বে।
প্রধানমন্ত্রী দেশি বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের, বিশেষ করে জাপানি প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
রোড শোতে সরকারের নীতিনির্ধারক, উচ্চপদস্থ কর্মকর্তা এবং দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। পাশাপাশি জাপানের বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে বন্ধ ও অলাভজনক শিল্প প্রতিষ্ঠানগুলোতে নতুন পুঁজি আসবে। এতে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।