সোমবার , ২২ জুন ২০২৬
সোমবার , ২২ জুন ২০২৬
হোমবিশ্বগাজায় নতুন ইসরায়েলি হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬

গাজায় নতুন ইসরায়েলি হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬

favicon
ভোরের আলো ডেস্ক:
গাজায় নতুন ইসরায়েলি হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় দুই শিশুসহ অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার ক্যামেরাম্যান আহমেদ উইশাহও রয়েছেন।


শনিবার (২০ জুন) সন্ধ্যায় মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাড়িতে বিমান হামলা চালানো হলে আহমেদ উইশাহসহ তিনজন নিহত হন। আলজাজিরা কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।


এর আগে ভোরে গাজা শহরের একটি আবাসিক ভবনে হামলায় জিনা (৪) ও লানা (১৪) নামের দুই বোন নিহত হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই হামলাগুলো চালানো হয়েছে।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গত কয়েক মাসে ইসরায়েলি হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, আলজাজিরার ওই ক্যামেরাম্যান হামাসের সামরিক শাখার সঙ্গে জড়িত ছিলেন এবং নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। তবে এ দাবির স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বড় একটি অংশ নারী ও শিশু।