মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
হোমআইন ও আদালতমাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

favicon
ভোরের আলো ডেস্ক:
মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে আজ।


সোমবার (২২ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ শুনানি হবে।


এর আগে গত ৪ জুন অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানির দিন নির্ধারিত ছিল। তবে গ্রেপ্তার এক আসামি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করা সম্ভব না হওয়ায় শুনানি পিছিয়ে যায়।


আজকের শুনানিতে প্রথমে প্রসিকিউশন অভিযোগ গঠনের পক্ষে তাদের বক্তব্য উপস্থাপন করবে। এরপর আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতির (ডিসচার্জ) আবেদন নিয়ে শুনানি করবেন।


মামলায় গ্রেপ্তার পাঁচ আসামি হলেন—সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ এবং দেবাশীষ পাল দেবু।


এ ছাড়া মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীনসহ আরও অনেকে।


গত ৭ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তিনটি অভিযোগে ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। এর আগে ৫ এপ্রিল প্রসিকিউশন ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করে।


মামলার অভিযোগে বলা হয়েছে, প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার বিষয়টি উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম এবং হৃদয় চন্দ্র হত্যার অভিযোগ আনা হয়েছে। তৃতীয় অভিযোগে জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানাসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার বিষয়টি তুলে ধরা হয়েছে।


পলাতক আসামিদের পক্ষে এর আগে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।