হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার
রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে কাফরুল থানা মহিলা লীগের সভাপতি রোকেয়া জামালকেও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পৃথক দুটি আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মিরপুর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. সোহেল সৌরভ সাবিনা আক্তার তুহিনকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
অন্যদিকে, একই থানার উপপরিদর্শক মো. কবির হোসেন রোকেয়া জামালকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আসামিদের গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন গ্রেপ্তারের বিরোধিতা করে জামিনের আবেদন করেন।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মিরপুর-১৪ নম্বর এলাকায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অজ্ঞাত আরও কয়েকশ ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্যদিকে, মিরপুর-১০ এলাকায় আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মো. শাকিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় শাকিলের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে রোকেয়া জামালকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তদন্তের স্বার্থে উভয় আসামিকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানিয়েছিল পুলিশ।