প্রধানমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা কিয়ার স্টারমারের, নতুন নেতৃত্বের পথ খুলছে লেবার পার্টিতে
ব্রিটেনের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি দলীয় নেতৃত্ব থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
সোমবার (২২ জুন) লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে দেওয়া এক বক্তব্যে স্টারমার বলেন, দেশের স্বার্থ এবং দলের ভবিষ্যৎ নেতৃত্বের প্রয়োজনীয়তা বিবেচনা করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
বিদায়ী বক্তব্যে তিনি স্মরণ করেন, দুই বছর আগে লেবার পার্টিকে ক্ষমতায় এনে সরকার গঠন করা তার রাজনৈতিক জীবনের অন্যতম গর্বের মুহূর্ত ছিল। দীর্ঘ ১৪ বছর পর দলটিকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার বিষয়টিও তিনি উল্লেখ করেন।
স্টারমার বলেন, লেবার পার্টির সংসদ সদস্যদের একটি বড় অংশ মনে করেন, আগামী সাধারণ নির্বাচনের জন্য নতুন নেতৃত্ব প্রয়োজন। তিনি সেই মতামতকে সম্মান জানিয়ে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
নিজের দায়িত্বকালে সরকারের বিভিন্ন সাফল্যের কথাও তুলে ধরেন তিনি। এর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, মজুরি বৃদ্ধি, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শ্রমিক ও ভাড়াটিয়াদের অধিকার সম্প্রসারণ, প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং দারিদ্র্য মোকাবিলায় নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করেন।
তিনি জানান, লেবার পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি আগামী ৯ জুলাই থেকে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে। প্রতিযোগিতা হলে গ্রীষ্মকালীন বিরতির আগেই নির্বাচন সম্পন্ন হবে এবং সেপ্টেম্বরের মধ্যে নতুন নেতা দায়িত্ব গ্রহণ করবেন।
স্টারমার বলেন, তার উত্তরসূরি এমন একটি যুক্তরাজ্যের দায়িত্ব গ্রহণ করবেন, যা আগের তুলনায় আরও শক্তিশালী ও ন্যায়ভিত্তিক অবস্থানে রয়েছে।
ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ টেনে তিনি স্ত্রী ও সন্তানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, সক্রিয় রাজনীতি থেকে সরে গিয়ে পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান।
তবে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।