মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
হোমআইন ও আদালততাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলায় আবু তাহেরের মৃত্যুদণ্ড

তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলায় আবু তাহেরের মৃত্যুদণ্ড

favicon
ভোরের আলো ডেস্ক:
তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলায় আবু তাহেরের মৃত্যুদণ্ড

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আলোচিত শিশু তাবাচ্ছুম আক্তার তোয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মামলার অপর একটি ধারায় সাত বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।


সোমবার (২২ জুন) ঝিনাইদহ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মো. ছালেহুজ্জামান এ রায় ঘোষণা করেন।


রায় ঘোষণাকালে আদালত ঘটনাটিকে একটি জঘন্য ও নৃশংস অপরাধ হিসেবে উল্লেখ করেন। সকাল ১১টায় রায় পাঠ শুরু হয়ে প্রায় ৪৫ মিনিট পর তা শেষ হয়।


মামলার নথি অনুযায়ী, গত ২৫ ফেব্রুয়ারি কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় পাঁচ বছর বয়সী তাবাচ্ছুম আক্তার তোয়া। পরদিন সকালে স্থানীয় একটি বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।


এ ঘটনায় শিশুটির বাবা কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তের একপর্যায়ে পুলিশ আবু তাহেরকে গ্রেপ্তার করে। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।


মামলাটির তদন্ত শেষে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত ৬ জুন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়। ১৭ ও ১৮ জুন চিকিৎসকসহ মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মামলার শুনানি সম্পন্ন হয়।


রায় ঘোষণার পর ভুক্তভোগী পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত রায় কার্যকরের দাবি জানান।


রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়া এবং রায় ঘোষণার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে তারা মনে করেন।


আদালত সূত্রে জানা গেছে, যুক্তিতর্ক শেষ হওয়ার মাত্র পাঁচ কর্মদিবসের মধ্যে এ মামলার রায় ঘোষণা করা হয়েছে, যা জেলার বিচারিক ইতিহাসে অন্যতম দ্রুত নিষ্পত্তিকৃত মামলার মধ্যে একটি। রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।