সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ, উপস্থিতি বাড়ানোর আহ্বান
চলমান বাজেট অধিবেশনে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। বিশেষ করে স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীদের অনুপস্থিতির বিষয়টি তিনি স্পিকারের দৃষ্টিতে আনেন।
সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের বাজেট আলোচনায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ বিষয়ে বক্তব্য দেন তিনি।
সাইফুল আলম খান মিলন বলেন, সংসদ সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রস্তুতি নিয়ে আলোচনায় অংশ নেন। তবে অনেক সময় সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুপস্থিতির কারণে সেই আলোচনার কার্যকারিতা কমে যায়। তিনি অধিবেশন কক্ষে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে স্পিকারের সহযোগিতা কামনা করেন।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংসদে মন্ত্রীদের আরও বেশি উপস্থিতি প্রত্যাশা করেন এবং সংশ্লিষ্টদের এ বিষয়ে অনুরোধ জানান।
স্পিকার বলেন, অর্থমন্ত্রী নিয়মিত অধিবেশনে উপস্থিত থাকলেও অন্যান্য মন্ত্রীদের উপস্থিতিও প্রয়োজন। এতে সংসদীয় কার্যক্রম আরও কার্যকর হবে এবং সদস্যদের বক্তব্য সরাসরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নজরে আসবে।
পরে সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, অনেক মন্ত্রী রাষ্ট্রীয় ও প্রশাসনিক দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন। তবে সংসদে তাদের উপস্থিত থাকা গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে মন্ত্রীদের উপস্থিতি আরও বাড়বে।
চিফ হুইপ আরও বলেন, বাজেটসংক্রান্ত আলোচনায় অর্থমন্ত্রী নিয়মিত উপস্থিত রয়েছেন এবং বিভিন্ন মন্ত্রণালয়-সংশ্লিষ্ট প্রশ্নেরও জবাব দিয়ে থাকেন। পাশাপাশি অন্যান্য মন্ত্রীদেরও সংসদীয় আলোচনা শুনে সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।