মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
হোমবিশ্বস্টারমারের বিদায়ের পর ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কে?

স্টারমারের বিদায়ের পর ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কে?

favicon
ভোরের আলো ডেস্ক:
স্টারমারের বিদায়ের পর ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কে?

ব্রিটিশ প্রধানমন্ত্রী পদ থেকে কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণার পর যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। লেবার পার্টির নতুন নেতা এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম।


দলীয় সূত্র ও বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণে বলা হচ্ছে, লেবার পার্টির নেতৃত্ব নির্বাচনের দৌড়ে বার্নহাম বর্তমানে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছেন। সাম্প্রতিক উপনির্বাচনে তার জয় এবং দলীয় সদস্যদের মধ্যে জনপ্রিয়তা তাকে এগিয়ে রেখেছে।


২০২৪ সালে ক্ষমতায় আসার পর কিয়ার স্টারমারের সরকার অর্থনৈতিক চ্যালেঞ্জ, কর বৃদ্ধি এবং ব্যয় সংকোচন নীতির কারণে সমালোচনার মুখে পড়ে। পরবর্তীতে কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত ও স্থানীয় নির্বাচনে দলের দুর্বল ফলাফলের পর তার ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে।


স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। দলীয় নিয়ম অনুযায়ী, প্রার্থীদের নির্দিষ্ট সংখ্যক এমপির সমর্থন নিয়ে মনোনয়ন অর্জন করতে হবে। এরপর দলীয় সদস্য ও সংশ্লিষ্ট ট্রেড ইউনিয়নের ভোটে চূড়ান্ত নেতা নির্বাচিত হবেন।


অ্যান্ডি বার্নহামের পাশাপাশি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং এবং সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আল কার্নসের নামও আলোচনায় রয়েছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নেতৃত্বের লড়াইয়ে বার্নহামই সবচেয়ে এগিয়ে।


বিশ্লেষকরা বলছেন, নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধার, জনসেবা খাতের সংস্কার এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।


নতুন নেতৃত্বের মাধ্যমে লেবার পার্টি আগামী সাধারণ নির্বাচনের আগে জনসমর্থন পুনরুদ্ধার করতে পারে কি না, সেটিই এখন যুক্তরাজ্যের রাজনীতিতে সবচেয়ে আলোচিত প্রশ্ন।