কাতারে গ্যাস স্থাপনায় বিস্ফোরণে হতাহতের ঘটনায় বাংলাদেশের শোক প্রকাশ
কাতারের রাস লাফান শিল্প এলাকায় বারজান গ্যাস স্থাপনায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে দোহার বাংলাদেশ দূতাবাস।
এক বার্তায় দূতাবাস জানায়, মর্মান্তিক এ ঘটনায় নিহত ১৩ জনের সবাই ভারত ও পাকিস্তানের নাগরিক। তাদের মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।
একই সঙ্গে ভারত ও পাকিস্তানের জনগণের প্রতি সংহতি জানিয়ে শোকাহত পরিবারগুলোর পাশে থাকার কথা জানিয়েছে দূতাবাস। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকেও নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করা হয়েছে।
এ ঘটনায় আহত ৬৬ জনের দ্রুত সুস্থতাও কামনা করেছে বাংলাদেশ দূতাবাস।
উল্লেখ্য, রোববার (২১ জুন) রাতে কাতারের রাস লাফান শিল্পনগরীর বারজান স্থানীয় গ্যাস সরবরাহ কেন্দ্রে কার্যক্রম চলাকালে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে।