সোমবার , ২৯ জুন ২০২৬
সোমবার , ২৯ জুন ২০২৬
হোমজাতীয়দেশের স্বার্থই ছিল সফরের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের স্বার্থই ছিল সফরের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান

favicon
সাইফুল আলম মিরাজ
দেশের স্বার্থই ছিল সফরের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান

চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি দুই দেশের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। সফরের প্রতিটি পর্যায়ে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষাই ছিল তার প্রধান লক্ষ্য।


শনিবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, জনগণ তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব সরকারকে দিয়েছে। সে দায়িত্ব পালনে সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে সামনে রেখেই কাজ করছে।


তিনি বলেন, ‘আমি আমার অবস্থান থেকে দেশ ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি এবং সেই স্বার্থ রক্ষার চেষ্টা করেছি। আমাদের দলের অবস্থানও স্পষ্ট—বাংলাদেশ সবার আগে।’


তারেক রহমান আরও বলেন, বিদেশ সফরে যদি কোনো ইতিবাচক অর্জন হয়ে থাকে, তা কোনো ব্যক্তি বা সরকারের নয়; বরং বাংলাদেশের এবং দেশের মানুষের অর্জন।


বক্তব্যের শেষদিকে তিনি সংসদের সব সদস্যকে ধন্যবাদ জানান। বিশেষ করে বিরোধীদলীয় নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের স্বার্থে কাজ করতে উৎসাহ দেওয়ার জন্য তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছেন।


প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকার ও সংসদের সব পক্ষ ভবিষ্যতেও একসঙ্গে কাজ করবে।