রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলার রায় আজ
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করে হত্যা এবং আরও দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ (রবিবার) ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
এর আগে গত ১৫ জুন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য এ দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রায় ঘোষণা বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হতে পারে।
মামলায় মোট পাঁচজন আসামি রয়েছেন। তাদের মধ্যে চারজন পলাতক। তারা হলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এবং সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। অপর আসামি পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার বর্তমানে কারাগারে রয়েছেন।
গত ১৫ জুন মামলায় দ্বিতীয় দফার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। আসামিপক্ষের আইনজীবী চঞ্চল চন্দ্র সরকারের সম্পৃক্ততা অস্বীকার করে তাকে অব্যাহতির আবেদন জানান। অন্যদিকে প্রসিকিউশন পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই গণ-অভ্যুত্থানের সময় রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে হত্যা করা হয়। একই ঘটনায় সাত বছর বয়সী শিশু বাসিত খান মুসা, তার দাদি মায়া ইসলাম এবং মো. নাদিম নিহত হন।
এর আগে গত ৪ মার্চ মামলার রায় ঘোষণার দিন নির্ধারিত থাকলেও প্রসিকিউশনের আবেদনের পর তা স্থগিত করা হয়।