ইসলামী আন্দোলনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা, আমির রেজাউল করীমই
ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন ৫৪ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে পুনরায় দলের আমির নির্বাচিত হয়েছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আর মহাসচিব নির্বাচিত হয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান।
শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে অনুষ্ঠিত মজলিশে শূরার বিশেষ অধিবেশন শেষে নতুন কেন্দ্রীয় কমিটির ঘোষণা দেন দলের আমির।
অধিবেশনে ২০২৫-২৬ সালের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নতুন কমিটিতে নায়েবে আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মাওলানা আব্দুল আউয়াল এবং মাওলানা আব্দুল হক আজাদ। যুগ্ম মহাসচিব পদে রয়েছেন প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক ও মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন।
এ ছাড়া সহকারী মহাসচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে মনোনীত নেতাদের নিয়ে ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
কমিটি ঘোষণার পর বক্তব্যে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলন শুধু একটি প্রচলিত রাজনৈতিক দল নয়; শরিয়ার পূর্ণাঙ্গ অনুসরণ ও বাস্তবায়নই দলটির মূল লক্ষ্য। সেই আদর্শকে সামনে রেখেই রাজনৈতিক কর্মসূচি ও কৌশল নির্ধারণ করা হয়।
তিনি বলেন, সময়ের পরিবর্তন থেকে শিক্ষা নিয়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। একই সঙ্গে আগামীর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীদের দক্ষতা ও প্রস্তুতি বাড়ানোর আহ্বান জানান তিনি।
রেজাউল করীম আরও বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক ব্যর্থতায় জনগণের প্রত্যাশা পূরণের দায়িত্ব আরও বেড়েছে। সেই লক্ষ্যেই ইসলামী আন্দোলন দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবে।