কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস নিশ্চিতে নতুন এলএনজি টার্মিনাল, ব্যবসা সহজে আনছে সরকার
সচল শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে নতুন একটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি ব্যবসা সহজ করতে কোম্পানি নিবন্ধনের ১৪ দিনের মধ্যেই আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) ও এলসি খোলার সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেলে বিজিএমইএ আয়োজিত ‘ইন্ডাস্ট্রি প্লেসমেন্ট, রিক্রুটমেন্ট অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরে ডকিং ও আনডকিং কার্যক্রম আরও দ্রুত ও দক্ষ করতে ডেনিশ প্রতিষ্ঠানের পাশাপাশি নতুন বিদেশি অপারেটর যুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে পরিবহন ব্যয় কমিয়ে শিল্পকারখানার শতভাগ উৎপাদন সক্ষমতা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।
তিনি আরও জানান, ব্যবসায়ীদের হয়রানি কমাতে ছয়টি পৃথক সংস্থার পরিদর্শনের পরিবর্তে চালু করা হবে ‘অনলাইন ওয়ান-স্টপ সার্ভিস’ ও সমন্বিত পরিদর্শন ব্যবস্থা। এতে ব্যবসা পরিচালনা আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে। তবে রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে সরকার চামড়া, পাট এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নয়নেও বিশেষ গুরুত্ব দিচ্ছে।