‘ভ্রাতৃঘাতী সংঘাত এড়িয়ে ঐক্য গড়ুন’:রহস্যময় বার্তায় মাহফুজ আলম
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সংক্ষিপ্ত কিন্তু রহস্যময় বার্তা প্রকাশ করেছেন। সেখানে তিনি ভ্রাতৃঘাতী সংঘাত এড়িয়ে সর্বোচ্চ ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
শনিবার (২৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মাহফুজ আলম লিখেছেন, তিনি হয়তো প্রথম লক্ষ্যবস্তু বা ‘বলির পাঁঠা’ হতে পারেন, তবে শেষ ব্যক্তি হবেন না। তার ভাষায়, একে একে আরও অনেকে লক্ষ্যবস্তু হতে পারেন এবং এর পরিণতি সামাল দেওয়া কঠিন হবে।
তিনি আরও লেখেন, ‘শত্রুর সেবা করে কেউ বলির পাঁঠা হবেন না। বলির পাঁঠাদের শেষ পর্যন্ত উৎসর্গ করা হয়। সব ধরনের ভ্রাতৃঘাতী সংঘাত এড়িয়ে চলুন। সর্বোচ্চ ঐক্যের লক্ষ্যে কাজ করুন।’
পোস্টে তিনি প্রযুক্তি উদ্যোক্তা Peter Thiel-এর একটি উদ্ধৃতি উল্লেখ করেন। উদ্ধৃতিতে বলা হয়, ‘সম্ভবত প্রতিটি আধুনিক রাজাই এমন এক বলির পাঁঠা, যে কেবল নিজের মৃত্যুদণ্ড কিছু সময়ের জন্য পিছিয়ে দিতে পেরেছে।’
এছাড়া তিনি ফরাসি দার্শনিক René Girard-এর লেখা পড়ার পরামর্শ দেন।
তবে পোস্টে তিনি কোনো ব্যক্তি, সংগঠন বা নির্দিষ্ট ঘটনার নাম উল্লেখ করেননি। ফলে তিনি ঠিক কোন প্রেক্ষাপটে এ মন্তব্য করেছেন, তা স্পষ্ট নয় এবং এ বিষয়ে তিনি কোনো অতিরিক্ত ব্যাখ্যাও দেননি।