সোমবার , ২৯ জুন ২০২৬
সোমবার , ২৯ জুন ২০২৬
হোমরাজনীতি‘জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ এনসিপি’:বিএনপিতে যোগ দিয়ে মন্তব্য সেঁজুতি হোসাইনের

‘জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ এনসিপি’:বিএনপিতে যোগ দিয়ে মন্তব্য সেঁজুতি হোসাইনের

favicon
ভোরের আলো ডেস্ক:
‘জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ এনসিপি’:বিএনপিতে যোগ দিয়ে মন্তব্য সেঁজুতি হোসাইনের

এনসিপির সহযোগী সংগঠন যুব শক্তির ঢাকা জেলা উত্তরের সাবেক আহ্বায়ক সেঁজুতি হোসাইন দাবি করেছেন, অভিজ্ঞতার ঘাটতি ও ভুল সিদ্ধান্তের কারণে এনসিপি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি।


শনিবার (২৭ জুন) বিএনপিতে যোগ দেওয়ার পর একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।


সেঁজুতি বলেন, তিনি কোনো পদ বা ব্যক্তিগত সুবিধার আশায় বিএনপিতে যোগ দেননি। গণতন্ত্র, ভোটাধিকার এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই তার এই সিদ্ধান্ত। এলাকার মানুষের সমস্যা সমাধান এবং জনগণের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।


তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী আন্দোলন এবং পরে নাগরিক কমিটির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। তবে সে সময় সাধারণ মানুষের কাছে নাগরিক কমিটি খুব বেশি পরিচিত ছিল না বলেও মন্তব্য করেন তিনি।


সেঁজুতি আরও অভিযোগ করেন, ব্যক্তিগত সময়, শ্রম ও অর্থ ব্যয় করে দলকে সংগঠিত করার পরও এনসিপির নেতৃত্ব তাদের মতো তৃণমূল কর্মীদের মূল্যায়ন করেনি। বিশেষ করে ঢাকা উত্তর অঞ্চলের নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্তে হতাশ হয়েছেন বলে দাবি করেন তিনি।


মনোনয়ন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, নেতৃত্ব যোগ্যতার পরিবর্তে অন্য বিবেচনায় প্রার্থী নির্বাচন করেছে। উদাহরণ হিসেবে তিনি দিলশানা পারুলের মনোনয়নের কথা উল্লেখ করে বলেন, ওই প্রার্থীকে স্থানীয়ভাবে খুব বেশি পরিচিত মনে করেন না। পাশাপাশি তিনি দাবি করেন, জামায়াতের সঙ্গে জোট থাকায় তিনি কিছু ভোট পেয়েছেন।