ব্রাজিল ম্যাচে টাইব্রেকারের জন্য নতুন পরিকল্পনা জাপানের, পেনাল্টির ক্রম ঠিক করবেন কোচ
২০২২ কাতার বিশ্বকাপে টাইব্রেকারে হতাশাজনক বিদায়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে জাপান। তাই এবার ব্রাজিলের বিপক্ষে নকআউট ম্যাচ টাইব্রেকারে গড়ালে পেনাল্টি নেওয়ার ক্রম খেলোয়াড়দের ওপর না ছেড়ে নিজেই নির্ধারণ করবেন প্রধান কোচ হাজিমে মোরিয়াসু।
কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে তিন খেলোয়াড় পেনাল্টি মিস করায় বিদায় নিতে হয়েছিল জাপানকে। সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি এড়াতেই এবার আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন কোচ।
চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে জাপান। গত চার বছরে জার্মানি, স্পেন এবং ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারানোর আত্মবিশ্বাস দলটির প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
অন্যদিকে, গত বছরের অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল জাপান। ফলে আসন্ন লড়াইয়ে ব্রাজিলও প্রতিশোধের বাড়তি অনুপ্রেরণা নিয়ে খেলবে বলে মনে করছেন মোরিয়াসু।
তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে জাপান পাবে না উইঙ্গার তাকেফুসা কুবোকে। গ্রুপ পর্বে চোট পাওয়া এই ফুটবলার এখনও পুরোপুরি সুস্থ নন। কোচ জানান, কুবো বর্তমানে দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিচ্ছেন না এবং আলাদাভাবে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তার দ্রুত সুস্থতা কামনা করলেও ব্রাজিলের বিপক্ষে তাকে খেলানোর ঝুঁকি নেওয়া হবে না।
এদিকে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোজুড়ে আয়োজিত বিশ্বকাপের দীর্ঘ ভ্রমণসূচি খেলোয়াড়দের জন্য বাড়তি ক্লান্তির কারণ বলেও উল্লেখ করেন জাপানের কোচ। পাশাপাশি ব্রাজিলের তুলনায় এক দিন কম বিশ্রাম পাওয়াকেও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।
তবুও আত্মবিশ্বাসী মোরিয়াসু বলেন, জাপানের সামর্থ্য রয়েছে ব্রাজিলকে হারিয়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার। অনেকেই তাদের ‘ডার্ক হর্স’ হিসেবে দেখছেন, আর সেই বিশ্বাস নিয়েই দল মাঠে নামবে।