মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
হোমরাজনীতিসংসদে বক্তব্যের সময় বণ্টনে বৈষম্যের অভিযোগ জামায়াতের

সংসদে বক্তব্যের সময় বণ্টনে বৈষম্যের অভিযোগ জামায়াতের

favicon
ভোরের আলো ডেস্ক:
সংসদে বক্তব্যের সময় বণ্টনে বৈষম্যের অভিযোগ জামায়াতের


জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় নির্ধারণে বৈষম্যের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, বিরোধী দলের সংসদ সদস্যদের জন্য বরাদ্দ সময় কমিয়ে দেওয়া হলেও সরকারদলীয় সদস্যদের ক্ষেত্রে একই নীতি অনুসরণ করা হচ্ছে না।


সোমবার (২৯ জুন) সংসদ ভবন চত্বরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ অভিযোগ করেন জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান। তিনি বলেন, রোববারের অধিবেশনে বিরোধী দলের সদস্যদের নির্ধারিত বক্তব্যের সময় থেকে পাঁচ মিনিট করে কমিয়ে দেওয়া হয়। ফলে তাদের মাত্র তিনজন সদস্য বক্তব্য দেওয়ার সুযোগ পান।


অন্যদিকে, তার দাবি অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্ধারিত ৪০ মিনিটের পরিবর্তে এক ঘণ্টারও বেশি সময় বক্তব্য দেন। এছাড়া রাত ১০টার পরও সরকারদলীয় সদস্যদের বক্তব্যের সুযোগ দেওয়া হয়েছে, যা পূর্ববর্তী সমঝোতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিযোগ করেন তিনি।


বিল উত্থাপনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলে জামায়াত। নাজিবুর রহমানের অভিযোগ, কার্যপ্রণালী বিধির ৭৭ নম্বর বিধি যথাযথভাবে অনুসরণ না করেই সংসদে বিল উপস্থাপন করা হচ্ছে। এতে সংসদ সদস্যরা বিল পর্যালোচনা ও প্রয়োজনীয় আপত্তি জানানোর জন্য পর্যাপ্ত সময় এবং সংশ্লিষ্ট কাগজপত্র পাচ্ছেন না।


তিনি আরও জানান, পয়েন্ট অব অর্ডারে বিরোধী দলের জ্যেষ্ঠ সদস্য শাহজাহান চৌধুরীকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ায় প্রতিবাদস্বরূপ তারা সংসদ থেকে ওয়াকআউট করেন।


ব্রিফিংয়ে জামায়াতের পক্ষ থেকে বলা হয়, সংসদে সময় ব্যবস্থাপনায় এ ধরনের ঘটনা নজিরবিহীন। জনগণের প্রতিনিধিদের কথা বলার সুযোগ সীমিত করা হলে সংসদের ভেতরে ও বাইরে গণতান্ত্রিক উপায়ে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে বলে দলটি জানিয়েছে।