মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
হোমজাতীয়বৃষ্টি বাড়তে পারে, কমবে তাপপ্রবাহের তীব্রতা: আবহাওয়া অধিদপ্তর

বৃষ্টি বাড়তে পারে, কমবে তাপপ্রবাহের তীব্রতা: আবহাওয়া অধিদপ্তর

favicon
ভোরের আলো ডেস্ক:
বৃষ্টি বাড়তে পারে, কমবে তাপপ্রবাহের তীব্রতা: আবহাওয়া অধিদপ্তর


দেশের বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বৃষ্টিপাত বৃদ্ধির কারণে সারা দেশেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনার কথা বলা হয়েছে।


সোমবার (২৯ জুন) প্রকাশিত আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে অনুকূল আবহাওয়ার কারণে এসব এলাকার কিছু স্থানে তাপপ্রবাহের প্রভাব কমে আসতে পারে।


আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয় এবং দেশের অন্যান্য অঞ্চলে মোটামুটি সক্রিয় থাকায় বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।


পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।


এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, যেখানে পারদ উঠেছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের মতে, বৃষ্টিপাত বাড়লে আগামী দিনগুলোতে গরমের তীব্রতা আরও কিছুটা কমতে পারে।