মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
হোমজাতীয়অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ, গ্রাহকদের হটলাইনে যোগাযোগের আহ্বান

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ, গ্রাহকদের হটলাইনে যোগাযোগের আহ্বান

favicon
মাহামুদুল হাসান
অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ, গ্রাহকদের হটলাইনে যোগাযোগের আহ্বান

জুন মাসে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়ায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে এ ধরনের অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নির্ধারিত হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।


সোমবার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য কর্মকর্তা) মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জুন ২০২৬ মাসে অন্যান্য মাসের তুলনায় অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেশি এসেছে। গ্রাহকদের হয়রানি কমাতে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।


বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, অতিরিক্ত বিল সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে গ্রাহকরা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় হটলাইনেও অভিযোগ জানানো যাবে।


গ্রাহকদের জন্য বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় হটলাইন নম্বর **১৬৯৯৯**। এছাড়া বিভিন্ন বিতরণ সংস্থার হটলাইন নম্বর হলো— বিপিডিবি: **১৬২০০**, পবিবো: **১৬৮৯৯**, ডিপিডিসি: **১৬১১৬**, ডেসকো: **১৬১২০**, নেসকো: **১৬৬০৩** এবং ওজোপাডিকো: **১৬১১৭**। এসব নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।