মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
হোমআইন ও আদালতমাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধান নিয়ে হাইকোর্টের রুল

মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধান নিয়ে হাইকোর্টের রুল

favicon
ভোরের আলো ডেস্ক:
মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধান নিয়ে হাইকোর্টের রুল

মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সীমিত করার বিধান কেন অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মজীবী নারীদের জন্য সমান মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করতে অভিন্ন নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।


সোমবার (২৯ জুন) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আশিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে এ রুল জারি করেন।


আদালত মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।


রিট আবেদনে বলা হয়, মাতৃত্বকালীন ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা জনসংখ্যা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নয়; বরং এটি মা ও নবজাতকের স্বাস্থ্য, মর্যাদা, সমতা এবং সংবিধানস্বীকৃত মৌলিক অধিকারের সঙ্গে সরাসরি সম্পর্কিত।


এতে আরও উল্লেখ করা হয়, তৃতীয় বা পরবর্তী সন্তানের ক্ষেত্রে কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন সুবিধা থেকে বঞ্চিত করা বৈষম্যমূলক এবং সংবিধানের সমতার নীতির পরিপন্থী।


রিটে আরও বলা হয়েছে, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছুটি ও সুবিধার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নীতিমালা অনুসরণ করায় কর্মজীবী নারীদের মধ্যে বৈষম্য তৈরি হচ্ছে, যা আইনের সমান সুরক্ষা ও সমঅধিকারের সাংবিধানিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।