নিরাপদ অভিবাসন ও দক্ষ জনশক্তি গঠনে আইসিএমপিডির সঙ্গে বৈঠক
প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি)-এর ডেপুটি ডিরেক্টর জেনারেল ও ডিরেক্টর অব মাইগ্রেশন ডায়ালগস অ্যান্ড কো-অপারেশন সেদেফ ডিয়ারিং।
মঙ্গলবার (৩০ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রশিক্ষণ, নারী শ্রমিকের অংশগ্রহণ বৃদ্ধি এবং অভিবাসন ব্যবস্থাপনার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া নতুন শ্রমবাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি, কর্মীদের দক্ষতা ও যোগ্যতার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং বৈধ ও নিরাপদ শ্রম অভিবাসন নিশ্চিত করতে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়েও মতবিনিময় হয়।
উভয় পক্ষ অভিবাসন খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং বাস্তবভিত্তিক যৌথ কর্মপরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন।
বৈঠকে আইসিএমপিডির চিফ অব স্টাফ রোমেড পারফলারও উপস্থিত ছিলেন।