বৃহস্পতিবার , ০২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ০২ জুলাই ২০২৬
হোমজাতীয়‘নৈতিকতা ও জবাবদিহিতা ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়’

‘নৈতিকতা ও জবাবদিহিতা ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়’

favicon
ভোরের আলো ডেস্ক:
‘নৈতিকতা ও জবাবদিহিতা ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়’

চিকিৎসকদের নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ এবং জবাবদিহিতা নিশ্চিত না হলে শুধু বাজেট বৃদ্ধি বা সরকারি উদ্যোগে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।


বুধবার (১ জুলাই) বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন (বিএসসিসিএম) আয়োজিত জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণ ও পেশাগত নৈতিকতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভাষ্য, মানুষ আল্লাহর পর সবচেয়ে বেশি আস্থা রাখে চিকিৎসকদের ওপর। তাই রোগীদের সঙ্গে ভালো ব্যবহার এবং চিকিৎসা সেবায় জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।


তিনি আরও জানান, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা জোরদার করতে আগামী মাস থেকে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে অস্ত্রধারী ১০ জন করে আনসার সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ে কর্মরত চিকিৎসকদের জন্য এবারের বাজেটে অতিরিক্ত ভাতার ব্যবস্থা রাখা হয়েছে।


স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের বিভিন্ন জেলায় নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) শয্যা সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া চীনের সহযোগিতায় দেশে ২০টি নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে দুটি হবে ১ হাজার ৫০০ শয্যার বিশেষায়িত নারী ও শিশু হাসপাতাল এবং বাকি হাসপাতালগুলো হবে ১ হাজার শয্যাবিশিষ্ট।