সংবিধান সংস্কারে জনগণের ম্যান্ডেটের কথা স্মরণ করালেন জামায়াত আমির
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় দেশের রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি বলেন, জনগণ সংবিধান সংশোধনের নয়, বরং সংস্কারের ম্যান্ডেট দিয়েছে।
বুধবার (১ জুলাই) সংসদ ভবনে বাজেট-পরবর্তী মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, কোনো রাজনৈতিক দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে আইন প্রণয়ন করা উচিত নয়। তার মতে, কার্যকর সংবিধান সংস্কার বাস্তবায়িত হলে দেশে একটি সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এবারের বাজেট সামগ্রিকভাবে প্রত্যাশার কাছাকাছি হয়েছে। তবে বড় আকারের বাজেট প্রণয়নই মূল বিষয় নয়; এর সফল বাস্তবায়ন এবং দুর্নীতি নিয়ন্ত্রণই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই দুই ক্ষেত্রে সংস্কার না হলে বাজেটের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বাজেটে যেসব পণ্যের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে, তার বাস্তব প্রতিফলন বাজারে দেখা গেলে তবেই বাজেটকে প্রকৃত অর্থে জনবান্ধব বলা যাবে।