পূর্বাচল পুরোপুরি ঢাকা জেলার আওতায়, নতুন থানা ও তিন উপজেলা অনুমোদন
রাজধানীর উপকণ্ঠে অবস্থিত পূর্বাচল নতুন শহর প্রকল্পের সম্পূর্ণ এলাকা ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে চট্টগ্রামে একটি নতুন থানা এবং চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে তিনটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমানে পূর্বাচল নতুন শহর প্রকল্পের এলাকা ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর—এই তিন জেলায় বিস্তৃত। ফলে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় বিভিন্ন জটিলতা তৈরি হচ্ছিল। এসব সমস্যা দূর করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী পুরো প্রকল্পকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।
এছাড়া প্রশাসনিক সুবিধা বাড়াতে চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ গঠন করা হবে। একই সঙ্গে ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে।
নিকারের সিদ্ধান্ত অনুযায়ী, কুমিল্লার মুরাদনগর উপজেলার একটি অংশ নিয়ে ‘বাঙ্গারা’ নামে নতুন উপজেলা গঠন করা হবে। পাশাপাশি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘আদর্শনগর’ নামে আরেকটি নতুন উপজেলা প্রতিষ্ঠা করা হবে।
সরকারের মতে, এসব প্রশাসনিক পুনর্বিন্যাসের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সেবা প্রদান, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর হবে।