গ্রামাঞ্চলে আইসিইউ সেবা বাড়ানোর তাগিদ দিলেন ডা. জুবাইদা রহমান
দেশের গ্রামাঞ্চলে ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যা (আইসিইউ) চিকিৎসা সুবিধা অত্যন্ত সীমিত বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, রাজধানীভিত্তিক স্বাস্থ্যসেবার বৈষম্য কমিয়ে সারা দেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে।
বুধবার (১ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ডা. জুবাইদা রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার তুলনায় ঢাকায় বসবাসকারীর সংখ্যা কম হলেও উন্নত চিকিৎসা সুবিধার বড় অংশ রাজধানীকেন্দ্রিক। বর্তমানে দেশের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ আইসিইউ সুবিধা ঢাকায় কেন্দ্রীভূত থাকায় গ্রামাঞ্চলের মানুষ প্রয়োজনীয় সংকটাপন্ন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি আরও বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে ক্রিটিক্যাল কেয়ার সেবার পরিধি বাড়ানো সময়ের দাবি। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য উন্নত চিকিৎসা সহজলভ্য করতে স্বাস্থ্য খাতে পরিকল্পিত বিনিয়োগ ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।