বৃহস্পতিবার , ০২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ০২ জুলাই ২০২৬
হোমজাতীয়সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্কই বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য: শামা ওবায়েদ

সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্কই বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য: শামা ওবায়েদ

favicon
ভোরের আলো ডেস্ক:
সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্কই বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য: শামা ওবায়েদ

বাংলাদেশের পররাষ্ট্রনীতি সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, একটি দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠলে তা অন্য দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।


বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের লক্ষ্য হলো বিশ্বের সব দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখে জাতীয় স্বার্থ নিশ্চিত করা।


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জাতীয় সংসদের স্পিকারের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এটি বাংলাদেশ ও ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ। অন্যদিকে, বিরোধী দলের কোনো নেতা ব্যক্তিগত সফরে ইরান গেলে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি।


বিদেশে পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়ে শামা ওবায়েদ বলেন, সংশ্লিষ্ট কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের সমঝোতা ও সহযোগিতা বাড়ছে, যা অর্থ পুনরুদ্ধারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে এ ধরনের অর্থ ফেরত আনার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়, তাই এটি দ্রুত সম্পন্ন হওয়ার বিষয় নয়।


প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর প্রসঙ্গে তিনি বলেন, চীন বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এ সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধির আশা করা হচ্ছে।


তিনি আরও জানান, চীনের প্রস্তাবিত ‘টু প্লাস টু’ বৈঠক এবং করিডোর–সংক্রান্ত প্রস্তাব সরকার পর্যালোচনা করছে। দেশের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।