বৃহস্পতিবার , ০২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ০২ জুলাই ২০২৬
হোমআইন ও আদালতমেননের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

মেননের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

favicon
ভোরের আলো ডেস্ক:
মেননের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বুধবার (১ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে এ আবেদন করেন। বিচারক শাহজাহান কবির আগামী ৮ জুলাই আসামির উপস্থিতিতে এ বিষয়ে শুনানির দিন নির্ধারণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী।


মামলার অভিযোগে বলা হয়েছে, বিধি অনুসরণ না করে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগের জন্য অবৈধভাবে একটি নিয়োগ বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডে শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি কিংবা বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষক রাখা হয়নি।


এছাড়া, নিয়োগ বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ সনদ বাধ্যতামূলক উল্লেখ থাকলেও সনদবিহীন প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি।


দুদকের অনুসন্ধানে আরও উঠে এসেছে, নিয়োগ পরীক্ষা সম্পন্ন হওয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যু করা হয়। এসব অনিয়মের মাধ্যমে পূর্বনির্ধারিত ১৩ জন প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ।


ঘটনার পরিপ্রেক্ষিতে গত বছরের ২২ ডিসেম্বর রাশেদ খান মেননসহ ২০ জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মামলা দায়ের করে দুদক।