বৃহস্পতিবার , ০২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ০২ জুলাই ২০২৬
হোমজাতীয়জুলাইয়ে সাগরে দুটি লঘুচাপের শঙ্কা, বাড়তে পারে বজ্রবৃষ্টি ও আকস্মিক বন্যা

জুলাইয়ে সাগরে দুটি লঘুচাপের শঙ্কা, বাড়তে পারে বজ্রবৃষ্টি ও আকস্মিক বন্যা

favicon
ভোরের আলো ডেস্ক:
জুলাইয়ে সাগরে দুটি লঘুচাপের শঙ্কা, বাড়তে পারে বজ্রবৃষ্টি ও আকস্মিক বন্যা

চলতি জুলাই মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মাসজুড়ে বজ্রবৃষ্টি এবং দেশের কয়েকটি অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কার কথাও বলা হয়েছে।


আবহাওয়া অধিদপ্তরের মাসিক পূর্বাভাসে জানানো হয়েছে, জুলাই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।


পূর্বাভাসে আরও বলা হয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই এসব অঞ্চলে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।


এদিকে জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসেও দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


তিন মাসের এ সময়ে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে তিনটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।


এ ছাড়া একই সময়ে সারা দেশে অন্তত ১০ থেকে ১৫ দিন বজ্রপাতের ঘটনা ঘটতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর।