শুক্রবার , ০৩ জুলাই ২০২৬
শুক্রবার , ০৩ জুলাই ২০২৬
হোমখেলাআর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের জয়ের ভবিষ্যদ্বাণী, ভাইরাল ইস্ট তিমুরের প্রেসিডেন্ট

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের জয়ের ভবিষ্যদ্বাণী, ভাইরাল ইস্ট তিমুরের প্রেসিডেন্ট

favicon
ভোরের আলো ডেস্ক:
আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের জয়ের ভবিষ্যদ্বাণী, ভাইরাল ইস্ট তিমুরের প্রেসিডেন্ট

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে আফ্রিকার চমক কেপ ভার্দে। কাগজে-কলমে আর্জেন্টিনা স্পষ্ট ফেভারিট হলেও ম্যাচ শুরুর আগেই কেপ ভার্দের পক্ষে সাহসী ভবিষ্যদ্বাণী করে আলোচনায় এসেছেন ইস্ট তিমুরের প্রেসিডেন্ট ও নোবেল শান্তি পুরস্কারজয়ী হোসে মানুয়েল রামোস-হোর্তা।


এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, চলতি বিশ্বকাপে এই ম্যাচেই প্রথম হারের মুখ দেখবে লিওনেল মেসির আর্জেন্টিনা। তার বিশ্বাস, কেপ ভার্দে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে নতুন ইতিহাস গড়বে।


রামোস-হোর্তা তার বক্তব্যের পক্ষে নানা যুক্তিও তুলে ধরেন। তিনি বলেন, কেপ ভার্দের খেলোয়াড়দের খাদ্যাভ্যাস, শারীরিক সক্ষমতা, প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠা এবং মানসিক দৃঢ়তা তাদের বাড়তি শক্তি জোগায়। বিশেষ করে দেশটির ঐতিহ্যবাহী খাবার ‘কাচুপা’, যা ভুট্টা, শিম, মাংস ও অন্যান্য প্রোটিনসমৃদ্ধ উপাদানে তৈরি, খেলোয়াড়দের শক্তি ও সহনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখে বলে তার মত।


এছাড়া তিনি কেপ ভার্দের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের কথাও উল্লেখ করেন। তার ভাষ্য, দেশটির মানুষের গভীর ধর্মীয় বিশ্বাস এবং আধ্যাত্মিক চেতনা দলটিকে আত্মবিশ্বাস জোগায়, যা বড় ম্যাচে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।


চলতি বিশ্বকাপে কেপ ভার্দে ইতোমধ্যেই নজর কেড়েছে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবকে নিয়ে গঠিত কঠিন গ্রুপ থেকে তিনটি ড্র করে তারা প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে ইতিহাস গড়েছে।


এবার তাদের সামনে সবচেয়ে বড় পরীক্ষা—লিওনেল মেসির নেতৃত্বাধীন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী শনিবার ভোর ৪টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই রাউন্ড অব ৩২-এর লড়াই।