শুক্রবার , ০৩ জুলাই ২০২৬
শুক্রবার , ০৩ জুলাই ২০২৬
হোমজাতীয়‘সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে’

‘সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে’

favicon
সাইফুল আলম মিরাজ
‘সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে’

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার ও সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিচালিত যেকোনো অপপ্রচার আইন অনুযায়ী দমন করা হবে।


বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি প্রগতিশীল ও উদারপন্থী মুসলিম রাষ্ট্র। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বা সাইবার অপরাধে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে।


বৈঠকে তিনি আরও বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে নীতিগত সমর্থন দিয়ে আসছে। ভবিষ্যতেও সেই সমর্থন অব্যাহত থাকবে।


এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিপুলসংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থী পড়াশোনা করছেন। তাদের বাংলাদেশে আগমন ও শিক্ষাজীবন সহজ করতে অন-অ্যারাইভাল ভিসা সুবিধায় সহযোগিতা কামনা করেন তিনি।


জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সহায়তার নির্দেশ দেন এবং বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিবেচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর আহ্বান জানান।


বৈঠকে আরও একটি প্রস্তাব দেওয়া হয়, মধ্যপ্রাচ্যে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কোনো ফিলিস্তিনি নাগরিক বা শিক্ষার্থী বাংলাদেশের ভিসার আবেদন করলে যাচাইয়ের সুবিধার্থে সেই আবেদনের অনুলিপি ঢাকায় ফিলিস্তিন দূতাবাসে পাঠানো যেতে পারে।


এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছে এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।


বৈঠকে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ঢাকায় ফিলিস্তিন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।