‘জুলাই আমাদের আরেকটি রেডলাইন’:ফেসবুক পোস্টে ফারুকী
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি লেখেন, কিছু কিছু বিষয়ে ‘রেডলাইন’ অতিক্রম তো দূরের কথা, স্পর্শও করা উচিত নয়। তার ভাষায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে বড় রেডলাইন এবং এর পরেই রয়েছে জুলাই গণঅভ্যুত্থান।
ফারুকীর মতে, জুলাই শুধু সরকার পরিবর্তনের ঘটনা ছিল না; এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণের গুরুত্বপূর্ণ রায়। তিনি মন্তব্য করেন, মূলধারার রাজনীতিবিদরা যদি বিষয়টি উপলব্ধি করতে না পারেন, তাহলে তা উদ্বেগের বিষয়।
পোস্টে তিনি জুলাই ইস্যুতে স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের প্রশংসা করেন।
তিনি আরও লেখেন, যে প্রজন্ম জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের শক্তি, প্রভাব ও নেটওয়ার্ক অনেকেই সঠিকভাবে মূল্যায়ন করতে পারছেন না। তার মতে, এই প্রজন্মের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা যারা বুঝতে পারবেন, তারাই ভবিষ্যতের রাজনীতিতে নেতৃত্ব দেবেন; আর যারা তা বুঝতে ব্যর্থ হবেন, তারা রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে পিছিয়ে পড়বেন।
পোস্টের শেষাংশে নিজের বক্তব্যের বিষয়ে ভবিষ্যতে এর গুরুত্ব উপলব্ধি করা যাবে বলেও মন্তব্য করেন ফারুকী।
উল্লেখ্য, সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনার সৃষ্টি হয়। ওই বক্তব্যের সমালোচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রকাশ্যে নিজের অবস্থান তুলে ধরেন।