টানা তিন হারের পর মায়ামির বড় জয়, মেসির গোল
কয়েক দিন আগেই হেরে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ইন্টার মায়ামি। সেই হার থেকেই ঘুরে দাঁড়াতে এবার মেজর লিগ সকারে (এমএলএস) মনোযোগী হয় ফ্লোরিডার ক্লাবটি। আর ঘরের মাঠে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৪-১ গোলের এক প্রভাবশালী জয় দিয়ে সেই প্রত্যাবর্তন রাঙাল লিওনেল মেসির দল।
রবিবার ভোরে চেজ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় স্বাগতিক মায়ামি। ম্যাচের ৯ মিনিটেই লুইস সুয়ারেজের পাস থেকে গোল করেন ফাফা পিকোল্ট। এরপর ৩০ মিনিটে ব্যবধান বাড়ান মার্সেলো ওয়েগান্ডট। ৩৯ মিনিটে নিজেই নাম তোলেন স্কোরশিটে উরুগুইয়ান তারকা সুয়ারেজ। বিরতির ঠিক আগে ব্যবধান কমান নিউইয়র্কের ম্যাক্সিম চুপো-মোটিং।
দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে দারুণ এক গোলে মেসি জয় নিশ্চিত করেন। সতীর্থের সঙ্গে ওয়ার টু পাসে ডিফেন্স ভেদ করে দৃষ্টিনন্দন ফিনিশিং দেন আর্জেন্টাইন মহাতারকা। এটি ছিল তাঁর ক্যারিয়ারের ৮৫৯তম গোল।
ম্যাচের বাকি সময়ে আর কেউ গোল না পেলেও, প্রথমার্ধেই গড়ে ওঠা বড় লিড ধরে রেখে ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।
এই জয়ের ফলে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে মায়ামি। এক ম্যাচ বেশি খেলে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কলম্বাস ক্রু। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ফিলাডেলফিয়া ইউনিয়ন এবং এফসি সিনসিনাতি, দু’দলেরই পয়েন্ট ২২।