চকবাজারের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট
রাজধানীর চকবাজারের খাজা মার্কেট এলাকায় অবস্থিত আশিক টাওয়ার নামে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
শনিবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। পাঁচতলা ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে প্রথমে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে পরিস্থিতি মোকাবিলায় সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট পাঠানো হয়। বর্তমানে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মোবিলাইজিং অফিসার খালেদা ইয়াছমিন বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট নিরলসভাবে কাজ করছে।