শুক্রবার , ০৩ জুলাই ২০২৬
শুক্রবার , ০৩ জুলাই ২০২৬
হোমসারা দেশভোলায় কলেজছাত্র নিহত, ছুরি নিয়ে থানায় আত্মসমর্পণ স্কুলছাত্রের

ভোলায় কলেজছাত্র নিহত, ছুরি নিয়ে থানায় আত্মসমর্পণ স্কুলছাত্রের

favicon
ভোরের আলো ডেস্ক:
ভোলায় কলেজছাত্র নিহত, ছুরি নিয়ে থানায় আত্মসমর্পণ স্কুলছাত্রের

ভোলার লালমোহনে ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই কলেজছাত্র আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত এক স্কুলছাত্র হত্যায় ব্যবহৃত ছুরি নিয়ে থানায় আত্মসমর্পণ করেছে।


বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর সড়কসংলগ্ন বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত ইব্রাহিম খলিল নয়ন (১৮) লালমোহন ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। আহত আরমান ও আশরাফকে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগে অভিযুক্ত স্কুলছাত্র আব্দুল্লাহ আল মানিকের সঙ্গে ইব্রাহিম খলিল নয়নের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে নয়ন গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ সময় নয়নকে উদ্ধার করতে এগিয়ে গেলে আরমান ও আশরাফও হামলার শিকার হন বলে স্থানীয়রা জানিয়েছেন।


ঘটনার পর অভিযুক্ত মানিক হত্যায় ব্যবহৃত ছুরি নিয়ে লালমোহন থানায় গিয়ে আত্মসমর্পণ করে।


পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।