‘১৭ বছরের আন্দোলন-নির্যাতনেও মাথা নত করিনি’: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, নির্যাতন ও কারাভোগের পরও তারা মাথা নত করেননি। তিনি বলেন, এখন নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে লালমনিরহাট শহরের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নির্যাতন সহ্য করেছি, অনেক প্রাণ দিয়েছি এবং জেল খেটেছি। কিন্তু কখনো মাথা নত করিনি। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় অর্জন করেছি। এখন দেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ এসেছে।’
তিনি বলেন, মাদকের বিস্তারের কারণে সমাজ ও যুবসমাজ বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তরুণদের ভবিষ্যৎ রক্ষায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সম্পৃক্ত করেই এ আন্দোলন সফল করতে হবে।
স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, লালমনিরহাট থেকে শুরু হওয়া ‘জাগো বাহে, তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় লালমনিরহাটে মাদকের আগ্রাসন উদ্বেগজনক। তিনি জানান, মাদক, জুয়া, বাল্যবিয়ে ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি নতুন করে শুরু হয়েছে।
তিনি আরও বলেন, বাল্যবিয়ের সঙ্গে জড়িত কোনো নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাদকসংশ্লিষ্টদের প্রথমে সতর্ক করা হবে, এরপর প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হাসান বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের দাবি পূরণ হবে। একই সঙ্গে ‘আলোকিত লালমনিরহাট’-এর মতো সামাজিক উদ্যোগ দেশজুড়ে ছড়িয়ে পড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।