সোমবার , ০৬ জুলাই ২০২৬
সোমবার , ০৬ জুলাই ২০২৬
হোমজাতীয়স্বাস্থ্য খাতে সমন্বয় ও জবাবদিহি বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

স্বাস্থ্য খাতে সমন্বয় ও জবাবদিহি বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:
স্বাস্থ্য খাতে সমন্বয় ও জবাবদিহি বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

স্বাস্থ্য খাতে সরকারের বিনিয়োগের সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে পরিকল্পিত ব্যয়, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং জবাবদিহি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


শনিবার সিলেটে অনুষ্ঠিত তিনটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি স্বাস্থ্য খাতের উন্নয়ন, অবকাঠামো বিনিয়োগ এবং নগর উন্নয়ন পরিকল্পনা নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।


সকালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় টেকসই ও সহনশীল অবকাঠামো গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো হচ্ছে এবং মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে। পাশাপাশি সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।


সভায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরীর সভাপতিত্বে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এদিকে সিলেট বিভাগের সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা এবং কৃষি খাতের উন্নয়নে প্রায় ৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্প অনুমোদনের ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী। পরে তিনি মহানগরের ১৫ নম্বর ওয়ার্ডে বিএনপি ও নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায়ও অংশ নেন।