বাংলাদেশের সঙ্গে জনগণে-জনগণে সম্পর্ক আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত
বাংলাদেশের জনগণের সঙ্গে যুক্তরাষ্ট্রের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী ও গভীর করতে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘আমেরিকা সপ্তাহ’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাজধানীর বিচারপতি সাহাবুদ্দিন আহমদ পার্কে অনুষ্ঠিত ‘আমেরিকান ফেয়ার ইন দ্য পার্ক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানটি পরিদর্শনের সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত।
ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাস শুধু একটি দেশের ইতিহাস নয়; এটি বিশ্বের বহু মানুষকে অনুপ্রাণিত করেছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র তাদের ইতিহাস, আদর্শ ও মূল্যবোধ বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে চায়। পাশাপাশি বাংলাদেশের জনগণ, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে আরও গভীরভাবে জানারও আগ্রহ রয়েছে তাদের।
তিনি আরও বলেন, দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সাংস্কৃতিক বিনিময় জোরদারের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দেশটির ২৫০ বছরের ইতিহাস, সংস্কৃতি, মূল্যবোধ এবং ঐতিহ্যের বিভিন্ন দিক দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়।