ভালো কোম্পানির তালিকাভুক্তি ছাড়া শক্তিশালী পুঁজিবাজার সম্ভব নয়: বিএসইসি চেয়ারম্যান
ভালো ও মানসম্পন্ন কোম্পানির তালিকাভুক্তি ছাড়া দেশের পুঁজিবাজারকে শক্তিশালী করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেন, শুধু প্রণোদনা দিয়ে ভালো কোম্পানিকে বাজারে আনা যাবে না; বরং প্রাথমিক শেয়ার ছাড়ার (আইপিও) প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করতে হবে।
তিনি জানান, ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় মিউচুয়াল ফান্ড খাতকে পুনরায় সক্রিয় ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিএসইসি চেয়ারম্যান বলেন, সাম্প্রতিক সময়ে দেশের পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। টানা এক মাসেরও বেশি সময় ধরে দৈনিক লেনদেন হাজার কোটি টাকার ওপরে রয়েছে। একই সময়ে প্রধান সূচক ৩০০ পয়েন্টের বেশি বেড়েছে এবং বাজার মূলধন প্রায় ১০ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিনিয়োগকারীদের আস্থাও ধীরে ধীরে ফিরে আসছে।
তবে তিনি উল্লেখ করেন, নতুন কোম্পানির তালিকাভুক্তি এখনও বড় একটি চ্যালেঞ্জ। গত দুই বছরেরও বেশি সময় ধরে পুঁজিবাজারে নতুন কোনো আইপিও না আসায় বাজারের বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতি পরিবর্তনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
মাসুদ খান বলেন, বাজারে কারসাজি রোধে নতুন কমিশন কঠোর অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে নজরদারি জোরদার করা হয়েছে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে পুঁজিবাজার-সংক্রান্ত আইন ও নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হতে পারে। লেনদেন বাড়াতে মার্জিন ঋণ নীতিমালাও সংশোধন করা হবে। তবে বিএসইসি বাজারের স্বাভাবিক লেনদেনে হস্তক্ষেপ করবে না; বরং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতেই কাজ করবে।