সোমবার , ০৬ জুলাই ২০২৬
সোমবার , ০৬ জুলাই ২০২৬
হোমজাতীয়আধুনিক চতুর্মাত্রিক সশস্ত্র বাহিনী গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি

আধুনিক চতুর্মাত্রিক সশস্ত্র বাহিনী গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি

favicon
সাইফুল আলম মিরাজ
আধুনিক চতুর্মাত্রিক সশস্ত্র বাহিনী গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি

সরকার দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা জোরদার এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ভিত্তিতে বিভিন্ন কৌশল ও পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।


রোববার (৫ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


রাষ্ট্রপতি বলেন, দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন, প্রস্তুতি গ্রহণ, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা কৌশল বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সার্বিক দক্ষতা, সক্ষমতা ও পেশাদারিত্ব আরও বৃদ্ধি পাবে।


তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি, উন্নত প্রশিক্ষণ এবং যুগোপযোগী সক্ষমতার মাধ্যমে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী ও কার্যকর হবে। একই সঙ্গে সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট হিসেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের কর্মদক্ষতাও আরও উন্নত হবে।


পিজিআর সদস্যদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও তারা সততা, শৃঙ্খলা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা বজায় রাখবেন এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অনুকরণীয় ভূমিকা রাখবেন।


তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট ভবিষ্যতে আরও দক্ষ ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে উঠবে।