উন্নত পল্লী ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, উন্নত ও সমৃদ্ধ গ্রাম গড়ে তোলা ছাড়া একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়। দেশের সামগ্রিক উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক অগ্রগতি।
সোমবার (৬ জুলাই) দেশব্যাপী পালিতব্য ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই) দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের প্রায় ৬৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে। তাই এই বিশাল জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত না হলে জাতীয় উন্নয়নও পূর্ণতা পাবে না। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে শহরকেন্দ্রিক উন্নয়ন এবং সীমিত বিকেন্দ্রীকরণের কারণে গ্রামীণ অবকাঠামো ও সেবার ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হয়নি।
তিনি বলেন, এবারের প্রতিপাদ্য ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ অত্যন্ত সময়োপযোগী। এ উপলক্ষে তিনি দেশের গ্রামীণ জনগণ এবং পল্লী উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বাণীতে রাষ্ট্রপতি আরও বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে দক্ষ, সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক পল্লী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, জিয়াউর রহমান প্রবর্তিত ১৯ দফা কর্মসূচি তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণের মাধ্যমে পল্লী উন্নয়নের ভিত্তি তৈরি করেছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা, কৃষি ও অকৃষি খাতে উৎপাদন বৃদ্ধি, নারী ও যুব উদ্যোক্তা তৈরি, পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।