সোমবার , ০৬ জুলাই ২০২৬
সোমবার , ০৬ জুলাই ২০২৬
হোমজাতীয়প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন, ১১ সদস্যের নতুন কমিটি গঠন

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন, ১১ সদস্যের নতুন কমিটি গঠন

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন, ১১ সদস্যের নতুন কমিটি গঠন

প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু ও সংশ্লিষ্ট কার্যক্রম আরও কার্যকর করতে ১১ সদস্যের উচ্চপর্যায়ের ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।


রোববার (৫ জুলাই) মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এক অফিস আদেশে নতুন কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে জানানো হয়, পূর্বে গঠিত কমিটি বাতিল বলে গণ্য হবে।


নতুন কমিটিতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসারকে সভাপতি এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল)-কে সদস্য-সচিব করা হয়েছে।


এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রেস-২) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব।


সাংবাদিক প্রতিনিধি হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন দৈনিক দিনকালের সম্পাদক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, জেডনিউজ ডটনিউজের নির্বাহী সম্পাদক ও ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, একাত্তর টেলিভিশনের সিইও ও হেড অব নিউজ মো. শফিকুল ইসলাম (শফিক আহমেদ) এবং নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট উম্মে মারুফা।


সরকারি আদেশ অনুযায়ী, পুনর্গঠিত কমিটির প্রধান দায়িত্ব হবে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, কার্ডসংক্রান্ত আপত্তি, অভিযোগ ও শুনানি নিষ্পত্তি করা এবং প্রয়োজন হলে প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার সংযোজন, সংশোধন বা পরিমার্জনের বিষয়ে সরকারের কাছে সুপারিশ প্রদান।