সোমবার , ০৬ জুলাই ২০২৬
সোমবার , ০৬ জুলাই ২০২৬
হোমজাতীয়দেশব্যাপী ডিজিটাল সেবা নিশ্চিতের আহ্বান অর্থমন্ত্রীর

দেশব্যাপী ডিজিটাল সেবা নিশ্চিতের আহ্বান অর্থমন্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশব্যাপী ডিজিটাল সেবা নিশ্চিতের আহ্বান অর্থমন্ত্রীর

দেশের প্রতিটি নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, শ্রমিক, দিনমজুর, কৃষকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ডিজিটাল ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে, কারণ আধুনিক রাষ্ট্র পরিচালনা ও সেবা প্রদানে প্রযুক্তির কোনো বিকল্প নেই।


সোমবার (৬ জুলাই) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


অর্থমন্ত্রী জানান, সরকারের লক্ষ্য দ্রুত সব খাতে ডিজিটালাইজেশন বাস্তবায়ন করা। তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন শুধু অর্থনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না; সরকারি ও আর্থিক সেবাও যেন দেশের প্রতিটি মানুষের কাছে সহজে পৌঁছে যায়, তা নিশ্চিত করতে হবে।


তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পারলে উৎপাদনশীলতা বাড়বে এবং নাগরিকদের সময় ও অর্থ—উভয়েরই সাশ্রয় হবে। ঘরে বসেই প্রয়োজনীয় সেবা পাওয়ার ব্যবস্থা গড়ে তোলার ওপরও তিনি গুরুত্ব দেন।


অর্থমন্ত্রী বলেন, শুধু নতুন প্রকল্প গ্রহণ করাই যথেষ্ট নয়; এসব উদ্যোগ সম্পর্কে জনগণকে সচেতন করাও জরুরি। পাশাপাশি শেয়ারবাজার, বীমা খাতসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে স্বচ্ছতা নিশ্চিত এবং দুর্নীতি প্রতিরোধে ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার বাড়ানোর আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন পাঁচটি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো জনতা ব্যাংক পিএলসি, প্রবাসী কল্যাণ ব্যাংক, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন।