সোমবার , ০৬ জুলাই ২০২৬
সোমবার , ০৬ জুলাই ২০২৬
হোমখেলাঐতিহাসিক জয়ের পর হালান্ডকে আলিঙ্গনে অভিনন্দন নরওয়ের রাজকুমারীর

ঐতিহাসিক জয়ের পর হালান্ডকে আলিঙ্গনে অভিনন্দন নরওয়ের রাজকুমারীর

favicon
ভোরের আলো ডেস্ক:
ঐতিহাসিক জয়ের পর হালান্ডকে আলিঙ্গনে অভিনন্দন নরওয়ের রাজকুমারীর

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোতে ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ার পর নরওয়ের তারকা ফরোয়ার্ড আরলিং হালান্ডকে অভিনন্দন জানিয়েছেন দেশটির রাজকুমারী ইনগ্রিড আলেক্সান্দ্রা। দলের স্মরণীয় এই জয়ের পর ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন তিনি।


পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নরওয়ে। ম্যাচে জোড়া গোল করে দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন অধিনায়কসুলভ পারফরম্যান্স দেখানো আরলিং হালান্ড।


ঐতিহাসিক এই সাফল্যের পর নরওয়ের ভবিষ্যৎ রানি হিসেবে পরিচিত রাজকুমারী ইনগ্রিড আলেক্সান্দ্রা, তার ভাই রাজকুমার স্ভেরে ম্যাগনাসকে সঙ্গে নিয়ে ড্রেসিংরুমে যান। সেখানে তিনি খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং হালান্ডকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুমে তখন উৎসবমুখর পরিবেশ। সতীর্থদের সঙ্গে উদযাপনে ব্যস্ত হালান্ড রাজকুমারীকে দেখে এগিয়ে যান। পরে দুজনকে আন্তরিকভাবে আলিঙ্গন ও করমর্দন করতে দেখা যায়।


রাজপরিবারের সদস্যদের এমন অনানুষ্ঠানিক উপস্থিতি এবং খেলোয়াড়দের সঙ্গে প্রাণবন্ত উদযাপন সমর্থকদের দৃষ্টি কাড়ে। অনেকেই এটিকে নরওয়ের ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করছেন।