সোমবার , ০৬ জুলাই ২০২৬
সোমবার , ০৬ জুলাই ২০২৬
হোমজাতীয়গুলশান লেক দূষণমুক্ত করতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

গুলশান লেক দূষণমুক্ত করতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:
গুলশান লেক দূষণমুক্ত করতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ সংরক্ষণ, পানিদূষণ নিয়ন্ত্রণ এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


সোমবার (৬ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় গুলশান-বনানী-বারিধারা-নিকেতন এলাকার ভবনগুলোর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পর্যালোচনা এবং লেক দূষণমুক্ত করার বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।


প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান শিপলু জানান, সভায় লেকের বর্জ্য অপসারণ, পানির দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি করপোরেশন ও দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়।


সভায় কর্মকর্তারা জানান, লেক পুনরুদ্ধারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে যেসব ভবনের পয়ঃবর্জ্য সরাসরি লেকে গিয়ে পড়ছে, সেগুলো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ ছাড়া লেকের পরিবেশ রক্ষায় স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি লেক ও সংযুক্ত খালগুলো নিয়মিত পরিষ্কার রাখা, বর্জ্য অপসারণ এবং পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।


সভায় কড়াইল এলাকার বর্জ্য যাতে সরাসরি লেকে না পড়ে, সে জন্য একটি কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়েও মতবিনিময় করা হয়।


সভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, রাজউকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।