ইইউ কমিশন প্রধানের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর, সম্পর্ক জোরদারে আলোচনা
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
আমন্ত্রণপত্রে ২০২৭ সালের জুনে অনুষ্ঠিতব্য তৃতীয় গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণ এবং সেখানে মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সম্ভাব্য এ সফরের সময় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতৃত্বের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠকের সুযোগও তৈরি হবে।
বিবৃতিতে আরও বলা হয়, গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মাধ্যমে টেকসই অবকাঠামো, ডিজিটাল রূপান্তর, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ ও সহযোগিতা সম্প্রসারণের নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে।
বৈঠকে রাষ্ট্রদূত মাইকেল মিলার ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে পাঠানো একটি অভিনন্দনপত্রও হস্তান্তর করেন। এতে তাকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানানো হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করা হয়। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, আঞ্চলিক সহযোগিতা এবং বহুপাক্ষিক বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়েও আলোচনা করেন দুই পক্ষ।