সোমবার , ০৬ জুলাই ২০২৬
সোমবার , ০৬ জুলাই ২০২৬
হোমআইন ও আদালতরিমা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ড বাতিল, দুজন খালাস ও দুজনের যাবজ্জীবন বহাল

রিমা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ড বাতিল, দুজন খালাস ও দুজনের যাবজ্জীবন বহাল

favicon
ভোরের আলো ডেস্ক:
রিমা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ড বাতিল, দুজন খালাস ও দুজনের যাবজ্জীবন বহাল

শরীয়তপুরের বহুল আলোচিত স্কুলছাত্রী রিমা ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় আংশিক পরিবর্তন করেছেন হাইকোর্ট। রায়ে দুই আসামিকে খালাস এবং অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।


সোমবার (৭ জুলাই) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ এ রায় ঘোষণা করেন।


রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি সেলিম চকিদার ও তার স্ত্রী স্বপ্না বেগমকে খালাস দেওয়া হয়। অন্যদিকে, চুন্নু মোড়ল ও নুরু মোড়লের মৃত্যুদণ্ড পরিবর্তন করে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।


মামলার নথি অনুযায়ী, সাক্ষ্যগ্রহণের সময় নিহত রিমার বাবা ইলিয়াছ চোকদার ও মা আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সমর্থন করেননি। বরং তারা সাক্ষ্যে জানান, অভিযুক্তরা এ ঘটনার সঙ্গে জড়িত নন। আইনজীবীদের সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বাবাও আদালতের কাছে আসামিদের খালাসের আবেদন করেছিলেন।


হাইকোর্ট বিচারিক আদালতের রায়, সাক্ষ্য-প্রমাণ এবং মামলার নথিপত্র পর্যালোচনা করে এ সিদ্ধান্ত দেন।


শুনানিতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির এবং সহকারী অ্যাটর্নি জেনারেল আশরাফুল আলম অংশ নেন।


মামলার এজাহার অনুযায়ী, ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী রিমা আক্তর পাশের বাড়িতে যাওয়ার পর নিখোঁজ হয়। দুই দিন পর পাশের একটি পরিত্যক্ত ভিটা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর এ ঘটনায় হত্যা ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়।