আজ শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব
ছয় দিনের বিরতি শেষে আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬)। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।
এর আগে গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাসের পর অধিবেশন মুলতবি করা হয়। চলতি অধিবেশনে জাতীয় বাজেট অনুমোদনের পাশাপাশি অর্থ বিল এবং সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদে পাস হয়েছে।
উল্লেখ্য, গত ১১ জুন বাজেট উপস্থাপনের পর সরকার ও বিরোধীদলের সংসদ সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে দীর্ঘ আলোচনা করেন। এ সময় তারা অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন ব্যবস্থা, আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে বক্তব্য দেন।
আজকের অধিবেশনে বাজেট-পরবর্তী বিভিন্ন আইন প্রণয়ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংসদীয় কার্যক্রম নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।