বুধবার , ০৮ জুলাই ২০২৬
বুধবার , ০৮ জুলাই ২০২৬
হোমজাতীয়অক্টোবরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন তথ্য উপদেষ্টা

অক্টোবরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন তথ্য উপদেষ্টা

favicon
সাইফুল আলম মিরাজ
অক্টোবরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন তথ্য উপদেষ্টা

আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ শুরু করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) একটি রোডম্যাপ প্রস্তুত করছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের অক্টোবরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।


মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।


তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও রোডম্যাপ প্রণয়নের কাজ শুরু করেছে।


জাহেদ উর রহমান আরও জানান, আগামী ৫ আগস্টের আগেই ‘জুলাই জাদুঘর’ উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও জুলাইয়ের যোদ্ধাদের নিয়ে কটূক্তি কাম্য নয়। তবে এ ধরনের মন্তব্য বর্তমান আইনি কাঠামো অনুযায়ী ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে কি না, সে বিষয়ে আলোচনা চলমান রয়েছে।


সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনার বিষয়ে তিনি বলেন, ঘটনার তদন্ত করা হবে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, গত জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে জনগণের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


খাদ্য নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, খাদ্য উৎপাদন ও সংরক্ষণ পর্যায়ে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় দেশের খাদ্য ব্যবসায়ীদের তথ্যভাণ্ডার তৈরি করা হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের সচেতন করার পাশাপাশি অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা রোধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


তিনি আরও জানান, বর্তমানে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৯ লাখ মেট্রিক টন বেশি খাদ্য মজুত রয়েছে।