বুধবার , ০৮ জুলাই ২০২৬
বুধবার , ০৮ জুলাই ২০২৬
হোমজাতীয়আগস্টের শেষেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ

আগস্টের শেষেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ

favicon
ভোরের আলো ডেস্ক:
আগস্টের শেষেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ

আগামী আগস্টের শেষ দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।


মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী আগস্টের শেষ নাগাদ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে।


মন্ত্রী জানান, গত মে মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে সফলভাবে পারমাণবিক জ্বালানি (ফুয়েল) লোডিং সম্পন্ন হয়েছে, যা বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ।


এর আগে গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, চলতি বছরের আগস্ট নাগাদ রূপপুর প্রকল্পের প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। পরবর্তীতে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে উৎপাদন বাড়িয়ে ১ হাজার ২০০ মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।


তিনি আরও বলেন, ২ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। এরই মধ্যে একটি চুল্লিতে ফুয়েল রড স্থাপন করা হয়েছে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।